যুক্তরাষ্ট্রের ট্রেনে ঘুমন্ত যাত্রীর ওপর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা সবাই ছিলেন ট্রেনের যাত্রী। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন বলেন, ‘হতাহতরা সবাই আজ ভোরে ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি ফরেস্ট পার্কে যাওয়ার পথে চলছিল।‘

হামলায় হতাহতরা গৃহহীন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে ক্যামেরায় ধারণকৃত ফুটেজ ও হামলার ফুটেজ নজরদারি করছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

এদিকে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে ক্যামেরার ভিডিও ফুটেজ তাদেরকে সহায়তা করেছে। গুলি চালানোর প্রায় দেড় ঘন্টা পরে একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

চিন বলেন, ‘সিটিএ-এর দুর্দান্ত ক্যামেরা রয়েছে। তাদের নজরদারি ক্যামেরা চমৎকার।’

তিনি জানান, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ এবং সিটিএ এই তিনটি সংস্থা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত এবং ধরার জন্য একসাথে কাজ করেছে। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ছুরিকাঘাতে সন্দেহভাজন আরেকজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি এবং গোয়েন্দারা এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।