পেছাল শ্রেয়া ঘোষালের কনসার্ট

আগামী ১৪ই সেপ্টেম্বর কলকাতায় কনসার্ট করার কথা থাকলেও আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এবার সেই কনসার্টের সময় পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল।

তিনি জানান, কনসার্টটি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এ খবর জানান শিল্পী নিজেই।

সেখানে তিনি লিখেন, ‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীরভাবে প্রভাবিত করেছে। একজন নারী হিসেবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ই সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, সারা বিশ্বের নারীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’

এদিকে গত ৯ই আগস্ট আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যদিকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিত্যদিন সিবিআই জেরার মুখে। ইতিমধ্যেই ইন্ডিয়া মেডিকেল এসোসিয়েশনের তরফে নিষিদ্ধ করা হয়েছে সন্দীপকে। তবে ঘটনার কয়েক সপ্তাহ পেরুলেও এখনো পর্যন্ত অন্য কেউ গ্রেপ্তার হয়নি।