ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজের এক প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসের বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন।

এছাড়া দোষী সাব্যস্তদের শাস্তি বাতিল করার পাশাপাশি তাদের নির্বাসনের ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আরব আমিরাতের প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী দেশটির অ্যাটর্নি-জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি সাজাপ্রাপ্ত বাংলাদেশীদের সাজা বাতিল করে আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।

এ সময় আরব আমিরাতের অ্যাটর্নি-জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সকল বাসিন্দাকে সে দেশের আইনকে সম্মান করার জন্য আহ্বান জানিয়েছেন।