হাজারো মানুষের পারাপারের ভরসা একটিমাত্র নৌকা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় একটিমাত্র খেয়া নৌকাই মানুষের ভরসা। দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে উপজেলার জিয়নপুর, খলসী, বাঘুটিয়া এই তিন ইউনিয়নের ৪০ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সেতুর অভাবে পারাপারে বিকল্প কোনো রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে নৌকাই তাদের একমাত্র ভরসা। প্রতিদিন নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। 

নদী পার হয়ে যেতে হয় ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ হাট, বাঘুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয়, বীর ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারানদিয়া অদি জামে মসজিদ, জিয়নপুর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদের কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসে। এসব অফিসে সেবা নেওয়ার জন্য বর্ষা মৌসুমে খেয়া নৌকাই একমাত্র ভরসা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পারাপারের অপেক্ষায় আছেন আবুডাঙ্গা বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র জনি হোসেন, রনি মিয়া ও আবু তালহা। তারা জানায়, তারা নিয়মিত নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে। নৌকায় উঠতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয়।

জিয়নপুর গ্রামের আজিবুর রহমান বলেন, ‘যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীর ওপর একটি সেতুর নির্মাণের দাবি দীর্ঘদিনের। জনদুর্ভোগ এড়াতে ধলেশ্বরী নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবি জানাচ্ছি। সেতু নির্মাণ হলে দুই পাড়ের সড়ক যোগাযোগ, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে।’

বাঘুটিয়া বিকেএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর হক বলেন, ‘নদীর ওপর সেতু না থাকায় যোগাযোগের সমস্যার কারণে এই এলাকার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে। অনেক সময় নদীতে স্রোত থাকে, তখন ছাত্র-ছাত্রীরা স্কুল আসতে চায় না। বর্ষা মৌসুমে নৌকায় করে পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকেই লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছে।’ 

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীর ওপর একটি সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘিওর উপজেলা ঘুরে অতিরিক্ত পরিবহন ভাড়া দিয়ে ভিজিডি ও ভিজিএফ কার্ডের মালপত্র আনতে হচ্ছে আমাদের।’ 

জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘এখানে একটি সেতু নির্মিত হলে তিন ইউনিয়নের মানুষ দুর্ভোগ থেকে রক্ষা পাবে।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী ইরাজ উদ্দিন দেওয়ান বলেন, ‘ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।’