নতুন করে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আমাদের এটা ঠেকানোর চেষ্টা করতে হবে। নীতিগতভাবে আমরা নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার পক্ষে নই। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা।
এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিউম্যানিটারিয়ান অ্যান্ড টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত কোরহান কারাকোকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত কোরহান কারাকোক। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তুর্কি প্রতিনিধি দলকে অবগত করেন এবং এই সংকট নিরসনে সকল আন্তর্জাতিক ফোরামে বিষয়টি জীবিত রাখতে তুর্কির অব্যাহত সমর্থন কামনা করেন।
রোহিঙ্গাদের জন্য তুর্কি সরকারের অব্যাহত সহায়তার পুনরাবৃত্তি করে তুর্কি প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং এই হাসপাতালের সেবার মান উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি হাসপাতালের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।