‘আর যাই করুন, বিয়ে নয়’ বলে যুবকের আত্মহত্যা

স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করলেন যুবক। আত্মহত্যার আগে ভিডিও বার্তায় ‘আর যাই করুন, বিয়ে নয়’ বলতেও শোনা গেল ওই যুবককে। সোমবার এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। নিহত ওই যুবকের নাম জগজিৎ সিং রানা (৩৮)।

জানা গেছে, গাজিয়াবাদের অঙ্কুর বিহার থানা এলাকায় ডিএলএফ কলোনিতে থাকতেন ওই যুবক। সোমবার ভোররাতে নিজের পরিচিত ১২ জনকে একটি হোয়াটস অ্যাপ ভিডিও পাঠান তিনি। সেই ভিডিও বার্তায় জগজিৎ বলেন, ‘আমি সজ্ঞানে এই ভিডিও বানাচ্ছি। আমার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। কোনো কারণ ছাড়া আমার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে। লাগাতার মানসিক নির্যাতন করা হয়েছে।’ এমনকী মৃত্যুর পর আমার শেষকৃত্য যাতে প্রশাসনের তরফে করা হয় সে অনুরোধও করেন।

পাশাপাশি তিনি আরও জানান, নিজের সম্পত্তির কোনো অংশ যেন তার পরিবারকে এমনকী সন্তানকেও না দেওয়া হয়। মৃতদেহ যেন পরিবারের কোনো সদস্যকে দেখতে না দেওয়া হয়। সব শেষে আরও একটি ভিডিওতে তিনি জানান, ‘এই আমার শেষ বার্তা। পৃথিবীতে যা খুশি করুন কিন্তু বিয়ে করবেন না। আর যদি বিয়ে করেন তবে এমন জঘন্য মানুষের সঙ্গে কখনও থাকবেন না। জয় শ্রীরাম।’ 

পুলিশের দাবি অনুযায়ী, শেষ ভিডিও তিনি করেছিলেন রাত ৩টা ৪ মিনিটে। এর পরই আত্মহত্যা করেন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, নিহতের স্ত্রীর নাম উমাকান্ত ওরফে গুড়িয়া। দীর্ঘ দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল ওই দম্পতির মধ্যেই। তা তার ভিডিও বার্তাতেই স্পষ্ট। সম্প্রতি সন্তানকে নিয়ে বাপের বড়ি চলে গিয়েছিলেন জগজিতের স্ত্রী। এর পরই আত্মহত্যা করেন তিনি। 

পুলিশ কর্মকর্তা ভাস্কর বর্মা বলেন, লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তে পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।