খালেদা জিয়াকে মানহানির পাঁচ মামলায় অব্যাহতি

ভুয়া জন্মদিন পালন, মুক্তিযোদ্ধাদের অবমাননাসহ বিভিন্ন অভিযোগে করা মানহানির পাঁচটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক চারটি ও তোফাজ্জল হোসেন একটি মামলায় তাকে অব্যাহতি দেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল পাঁচটি মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। বাদীপক্ষ হাজির না হওয়ায় খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সেই আবেদন মঞ্জুর করে।  ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন।