বুয়েটের আবরারের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে রুল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আইনজীবী শাহীন আলম এ রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, বুয়েটসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগকে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দিয়েছে আদালত। আবরারের ওপর নির্যাতনের সময় কার বা কাদের ব্যর্থতা ছিল, কমিশন সে বিষয়টি নির্ধারণ করবে।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ২৫ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। রায়ে ২০ জনকে প্রাণদন্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয় আদালত।