বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই সাভারে পুলিশের সাঁজোয়া যান থেকে শাইখ আসহাবুল ইয়ামিন নামে এক শিক্ষর্থীর গুলিবিদ্ধ এক যুবকের নিথর দেহ টেনেহিঁচড়ে নিচে ফেলা হয়। গাড়ি টান দেওয়ার সময় চাকার নিচে পড়বে বলে দেহটি আবারও টেনে দূরে সরানো হয়। তখনো সেই দেহটি নড়তে দেখা যায়। কিন্তু তাকে হাসপাতালে চিকিৎসার কোনো ব্যবস্থা না করে পরবর্তী সময়ে তাকে সড়ক বিভাজকের ওপর দিয়ে বস্তার মতো ঠেলে সার্ভিস লেনে ফেলার যে লোমহর্ষক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল সেই ঘটনায় অবশেষে সাভার মডেল থানায় মামলা হয়েছে। এ ছাড়া গাজীপুরের শ্রীপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুইটি মামলা হয়েছে।
সাভারে দায়িত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে গত ২৫ আগস্ট ঢাকার আদালতে মামলা করেন ইয়ামিনের মামা আবদুল্লাহ আল মুনকাদির। আদালত এজাহার গ্রহণে সাভার থানাকে নির্দেশ দেওয়ার আট দিন পর পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার সাবেক ওসি শাহ জামান, উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ, আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ ও এসআই সাব্বির আহাম্মেদ ও বাবুল শরীফ।
শ্রীপুর (গাজীপুর): শ্রীপুরে আরও দুটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এ দুটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি হয়েছে। এ ছাড়া দুটি মামলায় অজ্ঞাত আরও সাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ নিয়ে শ্রীপুর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে চারটি হত্যা মামলা করা হয়েছে।
টাঙ্গাইল : সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ১২৯ জনের নামোল্লেখ ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গতকাল টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মো. মনির হোসেন ওই মামলা করেন। তিনি নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মল্লিকের ছেলে।