‘৩ সেপ্টেম্বর পাকিস্তান ক্রিকেটের কালো দিন’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দম্ভ করেছিলেন। তার কথায়, একমাত্র বৃষ্টিই বাংলাদেশকে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচাতে পারে। অথচ, টাইগারদের কাছে হোয়াইটওয়াশড হওয়া পাকিস্তান একসময় বৃষ্টির প্রার্থনা করেছে। ২-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর আবারও মুখ খুললেন বাসিত আলী।

নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগরে দিয়ে বাসিত বলেছেন, ‘আজ মন চাচ্ছে শুধু ইশারায় কথা বলি। ৩ সেপ্টেম্বরকে পাকিস্তান ক্রিকেটের কালো দিন বললে ভুল হবে না...চেয়ারম্যান (মহসিন নাকভি) পিসিবির দায়িত্ব গ্রহণের পর এটা দ্বিতীয় হার। বিশ্বকাপে আমরা (সুপার এইটে) উঠতে পারিনি। আর এবার হোয়াইটওয়াশ হতে হলো। আয়ারল্যান্ডের কাছে এক ম্যাচ হেরেছি, ইংল্যান্ডের কাছে হেরেছি, নিউজিল্যান্ড এসেছে, তাদের কাছেও হেরেছি। কোনো সিরিজই জেতা যাচ্ছে না। কী হলো? কোনো জাদুটাদু নাকি!’

পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বাসিত এরপর সোজাসাপটা বলেছেন, ‘একদম তৃতীয় শ্রেণির পারফরম্যান্স। পাকিস্তান (দ্বিতীয়) টেস্ট ম্যাচটি হেরেছে অধিনায়কত্বের কারণে। ২৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর লিটন ও মেহেদী যেভাবে খেলেছে, তাতে (পাকিস্তানের) অধিনায়কত্বের বড় ভূমিকা আছে। কোনো কাটাছেঁড়ার দরকার নেই। কারণ, পাকিস্তান দল নিজেরাই নিজেদের কাটাছেঁড়ার কাজ করে ফেলেছে। (পিসিবি চেয়ারম্যান) মহসিন নাকভির এটা নিয়ে ভাবা উচিত।’

বাবরদের সমালোচনার পাশাপাশি বাংলাদেশের পারফরম্যান্সেরও প্রশংসাও করেছেন, ‘বাংলাদেশ প্রতিটি জায়গায়, আচরণ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, মানসিকতা, কোথায় বল করতে হবে, কী করতে হবে, সব বিষয়েই টক্কর দিয়েছে। পাকিস্তানের এখন চোখ না খুললে আর কবে খুলবে? স্কুল দলের অধিনায়কত্ব করছে নাকি! কেউ প্রশ্ন করার নেই...বাংলাদেশ সামনে আয়না রেখে আমাদের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছে। তাদের বোলাররা পাকিস্তানের ৩৬টি উইকেট নিয়েছে। আমাদের বোলাররা নিয়েছে ২৪ উইকেট।’