পাকিস্তানের মাটিতে লাল বলের ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সাধারণ কোনো ঘটনা নয়। নিজেদের মাটিতে পূর্ণশক্তির দল নিয়ে খেলেছে পাকিস্তান। কিন্তু দুটি টেস্টেই বাংলাদেশের সামনে তারা দাঁড়াতেই পারেনি! সব সেক্টরেই অনবদ্য পারফর্মেন্স করেছে বাংলাদেশ। রমিজ রাজার ভাষায়, পাকিস্তানকে শুইয়ে দিয়েছে নাজমুল হাসান শান্তর দল!
গতকাল রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘পাকিস্তানে এসে ওরা পাকিস্তানকে শুইয়ে দিয়েছে। বলতেই হবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব জায়গাতেই বাংলাদেশ খুব ভালো পারফরম্যান্স করেছে এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ছিল।’
এরপর পাকিস্তান দল আর অধিনায়ক শান মাসুদকে খোঁচা মেরে সাবেক এই ওপেনার বলেছেন, ‘পাকিস্তানকেও শুভেচ্ছা রেকর্ড হারের জন্য। আমি জানি না পাকিস্তান ক্রিকেট এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে! বর্তমান পরিস্থিতিতে শুধু অলৌকিক কিছু ঘটলেই তা সম্ভব। এর জবাব শান মাসুদকেই দিতে হবে। কারণ, সে দলের নেতা। দলকে ম্যাচ জেতানো অধিনায়কের দায়িত্ব।’
রমিজ আরও বলেছেন, ‘শান মাসুদ অনেকবার ভুল করেছে। অধিনায়ক যখন নিজে রান করে, তখন অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু অধিনায়ক নিজে রান না পেলে এবং বাংলাদেশের কাছে হারলে আর সেটা যদি হয় সফরকারীদের কাছে প্রথমবারের মতো- তাহলেতো শিরোনাম হবেই। পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করার মতো কিছু নেই।’