বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামীলীগ সরকারের। পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর লীগটির দলীয় নেতা থেকে শুরু করে বেশিরভাগই দেশ ছাড়েন কিংবা গা ঢাকা দেন। সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে আন্দোলনের সময়ে কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট। সেই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস এক মন্তব্যে আন্দোলনকারী ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেন, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
এদিকে শোনা গেছে, দুয়েকদিন আগেই অনেকটা নীরবে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন অরুণা বিশ্বাস।
আরও শোনা গেছে, সরকার পতনের পর পরই এই অভিনেত্রী দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন কিন্তু সে সময় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় তাকে আটকে দেওয়া হয়। অরুণা বিশ্বাস খোঁজ খবর রাখছিলেন ফ্লাইট চালু হওয়ার। এরপরই সুযোগ বুঝে কিছুদিন আগে উড়াল দেন দেশটিতে।
এদিকে একটি গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে ‘গরম জল দিলেই হবে’ মন্তব্যটি তার বলে স্বীকার করেন অরুণা বিশ্বাস।
আওয়ামী নেতা ও শিল্পীদের একটা অংশ ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সেই গ্রুপটির অ্যাডমিন হিসেবে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ ,সাজু খাদেম, শামীমা তুষ্টি, জ্যোতিকা জ্যোতি। এছাড়াও এতে যুক্ত ছিলেন অরুণা বিশ্বাস, চিত্রনায়ক সাইমন সাদিক, তানভীন সুইটি, রোকেয়া প্রাচী, সুবর্ণা মোস্তফা, ঊর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকেই।
সোশ্যালে ছড়িয়ে পড়া কথোপকথনের স্ক্রিনশটে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে, ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন। ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা।’ তখন আন্দোলনকারীদের উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, ‘গরম জল দিলেই হবে।’
ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীদের কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। কারও কারও ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। কেউ কেউ দেশের বাইরে উড়াল দিয়েছেন।