আড়াইহাজারে সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে গিয়ে সাজেদা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেব বাজার এলাকায় বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

এলাকাবাসী জানায়, পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী সাজেদা বেগম তার শ্বশুরবাড়ি গোপালদী থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে তার বোনের বাড়ি বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় সাহেববাজার এলাকায় খালের ওপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে খালের পানিতে পড়ে যান। সাঁতার না জানার কারণে তিনি আর পানি থেকে উঠতে পারেননি। পরে পথচারীরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন। 

প্রসঙ্গত, সাঁকোটির স্থলে একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। এ নিয়ে তারা একাধিকবার মানববন্ধনও করেন।