রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে প্রধান কোচের দায়িত্ব ছেড়েছিলেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ডের অনুরোধেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন। শেষ সংবাদ সম্মেলনে মজা করে চাকরিও চেয়েছিলেন। এবার সেই চাকরি জুটে যাচ্ছে তার। ভারতের কিংবদন্তি ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে আইপিএল দল রাজস্থান রয়্যালস।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ জানিয়েছে, রাজস্থান কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে দ্রাবিড়ের চুক্তিও হয়ে গেছে। ২০১২ এবং ২০১৩ আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। এর পরের দুই মৌসুমে তিনি দলটির পরিচালক এবং পরামর্শদাতার দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সালে তিনি দিল্লি ডেয়ারডেলভিলসে যোগ দেন। ২০১৯ সালে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

জাতীয় একাডেমির খোলনচে পাল্টে দিয়েছিলেন দ্রাবিড়। দুর্দান্ত সব তরুণ ক্রিকেটার তৈরি করছিলেন। এরপর সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমলে তিনি ভারতের জাতীয় দলের কোচ হন। সৌরভ তাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিলেন। তার অধীনেই ১১ বছর পর কোনো আইসিসি শিরোপার স্বাদ পায় ভারত। এবার তাকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে রাজস্থান রয়্যালস।

ক্রিকইনফো জানিয়েছে, দ্রাবিড়ের সহকারী হতে যাচ্ছেন ভারতের সাবেক ব্যাটার বিক্রম রাঠোর, যিনি জাতীয় দলের সাবেক নির্বাচক এবং ব্যাটিং কোচ। দ্রাবিড় যোগ দিলেও রাজস্থানের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারার চাকরি যাচ্ছে না। তিনি এসএ টি২০ এবং সিপিএলের মতো লিগগুলোতে রাজস্থানের দলগুলোর দেখাশোনা করবেন। রাজস্থান কখনো আইপিএল শিরোপা জিততে পারেনি। এবার দেখার, দ্রাবিড়ের ছোঁয়ায় ভাগ্য বদলায় কিনা।