রাজবাড়ীতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আব্দুল গফুরের নেতৃত্বে কয়েকজন। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহত যুবলীগ সভাপতির নাম শাহিন ফকীর শাফিন (৩৫)। তিনি বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মোহাম্মদ আলী ফকীরের ছেলে।
আহত শাহিন ফকীরের ভাই মিলন ফকীর বলেন, আমার কাছে খবর আসে শাফিন ভাইকে তার মহাদেবপুর আর এস ভাটায় হামলা করা হয়েছে। আমরা জানতে পারি স্থানীয় আব্দুল গফুর সিকদারের নেতৃত্বে রায়হান, আসাদ কাজীসহ আরও চার-পাঁচজন মিলে হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পরে। এরপর জুলহাস কাকা ও মকিমরা তাকে বসন্তপুর বাজার পর্যন্ত নিয়ে আসে। তারপর আমি তাদের সহযোগিতায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারিহা রিফাত চৌধুরী বলেন, আহত অবস্থায় এক ব্যক্তিকে আনা হয়েছিল। তার মাথাসহ শরীরের অনেক স্থানে জখম হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তার চোখে মারাত্মক ক্ষত হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, আমরা এই হামলার ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আমরা আইনানুযায়ী ব্যবস্থা নেব।