জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবে মারা গেলেন দুই যুবক

ঢাকায় নৌ-দুর্ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার সদর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদ তালুকদার (৪০) ও একই এলাকার ইউনুস প্যাদা (৪৫)। তারা ঢাকার রাফি এন্ড হৃদয় নামের বালু তোলার বাল্কহেডে শ্রমিকের কাজ করতেন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে তাদের লাশ রাঙ্গাবালীতে নেওয়া হয়। পরে জানাজা শেষে তাদের নিজ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টায় ঢাকার আশুলিয়ার রুস্তমপুর গুদারাঘাট এলাকায় অবস্থানরত রাফি এন্ড হৃদয় বাল্কহেডটিকে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজ ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এসময় বাল্কহেডটির মধ্যে ছিলেন শহিদ তালুকদার ও ইউনুস প্যাদা। পরে সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ইঞ্জিন মিস্ত্রি ফিরোজ প্যাদা বলেন, ‘রাত আনুমানিক ২টার সময় হঠাৎ একটি বালুর জাহাজ এসে ধাক্কা দিয়ে আমাদের বাল্কহেডটিকে ডুবিয়ে দেয়। আমি উপরের কেবিনে ছিলাম। ডুবে যাওয়ার পর লাথি মেরে জানালা ভেঙে অনেক কষ্টে বের হই। কিন্তু নিচ তলার কেবিনে থাকা স্টাফ ইউনুস প্যাদা ও শহিদ তালুকদার আর বের হতে পারেননি।’