‘পাকিস্তানকে ভালোবেসে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ’

বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শান মাসুদদের ওপর ঝড় বয়ে যাচ্ছে। সাবেক ক্রিকেটাররা ধুয়ে দিচ্ছেন তাদের। সেই ধারাবাহিকতায় পাকিস্তানি ক্রিকেটারদের কঠোর সমালোচনা করলেন আহমেদ শেহজাদ। বাংলাদেশের প্রশংসা করে তিনি শান মাসুদদের বলেছেন, ‘তোমরা ক্রিকেট পার না’।

নিজেদের চেনা উইকেটে বাংলাদেশি পেসারদের সামনে ধুঁকেছেন বাবর আজমরা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শেহজাদ তার ‘এক্স’ হ্যান্ডেলে এক ভিডিওবার্তায় বলেছেন, ‘তোমরা শুধু পিচ নিয়ে অভিযোগ করো। বাংলাদেশ যখন ব্যাটিং করেছে, সেই একই পিচকে ফ্ল্যাট লেগেছে। কিন্তু তোমরা যখন ব্যাট করেছ, তোমাদের ব্যাটসম্যানরা পেছনের পায়ে খেলেছে, বিশেষ করে তাদের ফাস্ট বোলার রানার বিপক্ষে।’

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে ৩২ বছর বয়সী এই ওপেনার বলেছেন, ‘এমন এক সময়ে এই জয় বাংলাদেশের ভক্তদের জন্য খুবই প্রেরণাদায়ক হবে, যখন তাদের দেশ কঠিন সময় পার করবে। এটা তাদের জন্য এটা আনন্দ বয়ে আনবে। তাদের দেশের রাজনৈতিক অবস্থা ভালো নয়। তারা এসে তোমাদের আঙিনায় অনুশীলন করেছে এবং “আমি তোমাকে ভালোবাসি” বলে তোমাদের ভালোবেসে হোয়াইটওয়াশ করেছে।’

এখানেই না থেমে শেহজাদ আরও বলেন, ‘কী দুর্দান্ত ক্রিকেটটাই না তারা খেলল! কী দারুণভাবে দাপট ছড়াল, তারা যেভাবে ব্যাট করেছে, বোলিং করেছে...যে দৃঢ়তা তারা দেখিয়েছে টেস্ট ক্রিকেটে সেটাই প্রয়োজন। তাদের ব্যাটাররা তোমাদের সেটা দেখিয়েছে এবং শিখিয়েছে। নিয়ন্ত্রিত বোলিং কাকে বলে, সেটাও তারা শিখিয়েছে। আসলে ভাই, তোমরা (পাকিস্তান) পার না। তোমাদের দ্বারা হবে না। এ ছাড়া আর কী বলব?’