পাকিস্তানে সরকারি কর্মীদের ‘অন্য দেশ নিয়ে কথা বলা’ নিষিদ্ধ

পাকিস্তানে অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দেশটির সংস্থাপন বিভাগ সরকারি বিভিন্ন তথ্য ও নথির প্রকাশ ঠেকাতে এই নিষেধাজ্ঞা দিয়েছে। খবর জিও নিউজে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) জারি করা সংস্থাপন বিভাগের ‌‌বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মীদের সরকারি চাকরিজীবী (আচরণ) বিধিমালা ১৯৬৪ মেনে চলা বাধ্যতামূলক করেছে পাক সরকার।

এতে উল্লেখ করা হয়, অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। সরকারের সুনাম নষ্ট করে এমন কোনো মতামত বা তথ্য প্রকাশ করতে পারবেন না তারা। এই নির্দেশনা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মকর্তা-কর্মচারীরারা এমনভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না, যাতে অন্য দেশের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব পড়ে। দেশটিতে সরকারি কর্মকর্তাদের প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক করতে দেখা যায়। বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার নিষিদ্ধ করার উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়নি।