পরিবার প্রদত্ত নাম নিয়েই ভারতের জাতীয় দলে এসেছিলেন পেস তারকা মোহাম্মদ শামি। কিন্তু দলে আসলে তো একটা ডাকনাম লাগে, যে নামে সবাই ডাকবে। মুশফিকুর রহিমের ‘মুশি’ , সাকিব আল হাসানের ‘ময়না’, বিরাট কোহলির ‘চিকু’ ইত্যাদি তো বহুল প্রচলিত নাম। শামির ডাকনামটা রেখেছিলেন কোহলি স্বয়ং। ভারতীয় পেসার নিজেই শোনালেন সেই গল্প।
গত মঙ্গলবার ৩৪ বছরে পা রাখেন শামি। জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি জাতীয় দলে নামকরণের এই অজানা কাহিনি শোনান, ‘সবাই জানে যে দলে আমার ডাকনাম লালা। এই নামটা কোহলি দিয়েছিল। শুরুতে আমার কোনো ডাকনাম ছিল না। কিন্তু বাকি সবার ছিল। তাই কোহলি আমাকে ওই নামে ডাকতে শুরু করে। তার দেখাদেখি বাকিরাও এই নামে আমাকে ডাকে।’
ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল শামির। সেই দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমাদের একটা নিয়ম ছিল। অভিষেক ম্যাচের আগে সেই ক্রিকেটারকে একটা টুল বা চেয়ারের উপর দাঁড়িয়ে কথা বলতে হয়। আমি উঠে দাঁড়িয়ে হতবাক হয়ে গিয়েছিলাম। একসঙ্গে এত বড় বড় ক্রিকেটার আমার সামনে! কী বলব বুঝতে পারছিলাম না। সেই দিনটার কথা আমি কোনোদিন ভুলব না।’
গত ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী শামি আসরের পর থেকেই মাঠের বাইরে। তার শরীরে অস্ত্রোপচার হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় পেস তারকা। বোলিংয়ের ক্ষেত্রে তার আইডল ওয়াকার ইউনিস এবং ডেল স্টেইন। চলতি মাসে বাংলাদেশ সিরিজে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে তার বাইশ গজে ফেরার সম্ভাবনা আছে।