প্রথমবার তুরস্ক সফরে মিশরের প্রেসিডেন্ট আল-সিসি

তুরস্ক সফরে গেলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বুধবার তিনি আঙ্কারায় পৌঁছান। মুরসিকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট হওয়ার ১০ বছর পর এই প্রথম সরকারি সফরে তুরস্ক গেলেন সিসি। সফর ঘিরে আঞ্চলিক দুই শক্তির মধ্যে সম্পর্ক আবারো উষ্ণ হওয়ার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। খবর মিডল ইস্ট আইয়ের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কায়রো সফরে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এরপরই সিসি তুরস্ক গেলেন। এতে দুই দেশের মধ্যে আটকে থাকা সম্পর্ক পুনরায় চালু হবে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক-মিশর সম্পর্কের সব দিক পর্যালোচনা করা হবে ও সহযোগিতা আরও বিকাশের জন্য সম্ভাব্য যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে মতবিনিময় হবে।

তুরস্কের একজন তুর্কি মিডল ইস্ট আইকে জানিয়েছেন, এই সফরে এরদোগান এবং সিসির মধ্যে বিনিয়োগ, জ্বালানি, পরিবেশ, নগর পরিকল্পনা এবং স্বাস্থ্যবিষয়ক চুক্তি স্বাক্ষর হবেন বলে আশা করা হচ্ছে। 

২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মুরসিকে সরিয়ে ক্ষমতা দখল করেন তখনকার সেনাপ্রধান আল-সিসি। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। কারণ মুরসি ছিলেন তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। ২০১২ সালে মুরসি প্রেসিডেন্ট হিসেবে তুরস্ক সফরে গিয়েছিলেন।