হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করা এক পদার্থবিজ্ঞানীকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে দোষী সাব্যস্ত করেছে রাশিয়ার একটি আদালত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মস্কোর আদালত আলেকজান্ডার শিপলিউক নামে ওই বিজ্ঞানীকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আলেকজান্ডার শিপলিউক তার দলের সর্বশেষ সদস্য যিনি বিচারের মুখোমুখি হয়েছেন। আদালত শিপলিউককে ৫ লাখ রুবল (৫ হাজার ৬৫০ ডলার) জরিমানা এবং মুক্তি পাওয়ার পর আরও দেড় বছর তার গতিবিধি সীমাবদ্ধ করা হবে।
সাইবেরিয়ার নভোসিবিরস্ক শহরের ক্রিস্টিয়ানোভিচ ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্সের প্রধান শিপলিউকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে হাইপারসনিক প্রযুক্তি বহনে সক্ষম অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিদেশি কর্মকর্তাদের কাছে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।
শিপলিউকের মামলার সঙ্গে জড়িতদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৭ সালে চীনে অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক সম্মেলনে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ রয়েছে শিপলিউকের বিরুদ্ধে।