দল বা আমার নামে চাঁদাবাজি করলে পুলিশে দিন: এস এম জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ঢাকা-১৮ আসনের বিএনপি ও আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিন। যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বুধবার উত্তরা ৯ নম্বর সেক্টরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, ঢাকা-১৮ আসনে গত দুই যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপিকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছি। তারই ফলশ্রুতিতে আমাকে গত উপনির্বাচনে ধানের শীষের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। নির্বাচনের সময় স্বাভাবিকভাবেই আমার সাথে হাজারো নেতাকর্মী যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন।

আমি গতকাল লক্ষ্য করছি, আমাকে জড়িয়ে কয়েকটি খবরের কাগজে উত্তরার চাঁদাবাজি, দখলবাজির কাল্পনিক ঘটনা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমার নাম জড়ানো হয়েছে- যা খুবই দুঃখজনক, অসত্য ও ভিত্তিহীন। আমি এ ধরনের মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে দলীয় নির্দেশ অমান্য করে কোনো অপকর্মে লিপ্ত হয় তাহলে সেই দায় দল বা আমি নেব না। আমি দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব এবং তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব।

সংবাদ সম্মেলনে এস এম জাহাঙ্গীর আরও বলেন, গত ৬ আগস্টের পর থেকে ঢাকা-১৮ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আমি সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সাথে সশরীরে উপস্থিত হয়ে তাদেরকে সহযোগিতা করে আসছি। আমি এই আসনের সাতটি থানার সকল এলাকায় চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে মাইকিং ও প্রচারণা করিয়েছি।