চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মুখে কাপড় পেচিয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ১১ জন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়াজ মো. বাদী হয়ে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন। সাংবাদিক শাহরিয়াজ মো. দৈনিক পূর্বদেশ ও চট্টগ্রাম খবর পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি।
সাংবাদিক শাহরিয়াজ মো. বলেন, গত ১৯ জুলাই পৌনে এগারোটার দিকে দেশের বিরাজমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ ঘোষণা করার পরও ছাত্রলীগের নেতাকর্মীরা হলে অবস্থান করছিল। এ বিষয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে মুখে ও মাথায় কাপড় পেচিয়ে আমার উপর হামলা করে। এ ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এই মামলার আসামিরা হলেন, খালেদ মাসুদ, আকিব জাভেদ, ফয়সাল সরকার,হাসান মাহমুদ, সৌরভ ভূঁইয়া, ইয়াছিন আরফাত, তানভির আলম তুষার, মামুন মিয়া,মাহিন রুবেল, অনুপ সরকার আকাশ, ইসহাক আলম ফরহাদ সহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন।