সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ে আসছে ইসি

সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  দুপুর ১২টায় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে তারা সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম।

এই সৌজন্য বিনিময়ে নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত চুপচাপ আছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে দোটানায় পড়েছে তারা। নতুন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা পায়নি ইসি। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা নিয়মিত অফিস করছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে। প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অনেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন।

ইসি সূত্র জানায়, সরকার পতনের পর নির্বাচন কমিশনাররা ধরে নিয়েছেন, তাদেরও পদত্যাগ করতে হবে। এ জন্য তারা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে তারা নিজে থেকে পদত্যাগ করবেন, নাকি এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অন্য কোনো চিন্তা আছে, তা বোঝার চেষ্টায় ছিল ইসি। এ বিষয়ে পরামর্শের জন্য তারা রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন; কিন্তু তাতে সফল হননি।

এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ে আসছেন সিইসি ও অন্য কমিশনাররা।