নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োব রাজ্যে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ইয়োবে রাজ্য পুলিশের মুখপাত্র আব্দুলকরিম ডুনগাস জানান, রোববার ৪টার দিকে প্রায় ১৫০ সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসী রাইফেল ও আরপিজি (রকেট চালিত গ্রেনেড) নিয়ে মাফা ওয়ার্ডে হামলা চালায়। তারা বহু মানুষকে হত্যা এবং দোকানপাট ও বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। হামলায় নিহতদের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।
এ হামলা গ্রামের পাহারাদারদের হাতে বোকো হারামের দুই সন্ত্রাসীকে হত্যার প্রতিশোধ বলে মনে করছেন এ পুলিশ কর্মকর্তা।
স্থানীয় কর্মকর্তা বুলামা জালালুদ্দিন বলেন, হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। মৃতদেহ সরিয়ে নিতে সেনারা মাফায় পৌঁছানোর আগেই ১৫টি লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠী ১৫ বছর ধরে বিদ্রোহ চালিয়ে আসছে, যাতে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বছরের পর বছর ধরে মধ্য ও উত্তর-পশ্চিম নাইজেরিয়া ‘দস্যু’ নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা জর্জরিত। যারা গ্রামে অভিযান চালিয়ে বাসিন্দাদের হত্যা, অপহরণ ও লুটপাটের পরে বাড়িঘর জ্বালিয়ে দেয়।
এসব গ্যাংয়ের পাশাপাশি কাজ করার মাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলো মধ্য নাইজার রাজ্যে ক্রমবর্ধমানভাবে উপস্থিতি প্রতিষ্ঠা করছে বলে কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন।