দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অভিভাষণ দেবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি অভিভাষণে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রদত্ত তার অভিষেক ভাষণে তিনি বিচার বিভাগ নিয়ে বিভিন্ন বিষয় উল্লেখ করে বক্তৃতা করেন।
এতে আরও বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বর অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি তার অভিভাষণে বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ বিষয়ে বিশদ আলোকপাত করবেন।