গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক বহনকারী একটি স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধান ক্ষেতে উল্টে পড়ে গেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে তেলিহাটি ইউনিয়নের টেংরা হাজারি মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এতে অন্তত ১৫ জন পোশাক শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, সাইটালিয়া বাজার এলাকার ক্যাটেক্স পোশাক কারখানার ছুটি শেষে ৪০ জন নারী-পুরুষ শ্রমিক নিয়ে যাচ্ছিল স্টাফ বাসটি।
ক্যাটেক্স পোশাক কারখানার নারী অপারেটর শামসুন্নাহার আক্তার বলেন, বিকেলে কারখানা ছুটি হলে বেশ কিছু শ্রমিক নিয়ে স্টাফ বাসটি শিশুপল্লী রোডের টেংরা মোড় হয়ে কাওরাইদ শিমুলতলা এলাকায় যাচ্ছিল। পরে শ্রমিক ভর্তি স্টাফ বাসটি টেংরা হাজারি মোড় এলাকায় মোড় ঘুরতে গিয়ে উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে অন্তত ১৫ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি বলেন, নিয়মিত সকালে স্টাফ বাসে করে অফিসে যায় শ্রমিকরা। আবার বিকেলে ছুটি হলে অফিসের বাসে পৌঁছে দেয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সোহেল রানা জানান, শ্রমিক ভর্তি কোনো বাস উল্টে যাওয়ার এমন কোনো খবর কেউ আমাদের জানা নাই। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জেরিন ফারাহ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।