বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এখন অতীব জরুরি নির্বাচন কমিশন (ইসি) ও দুর্র্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করা। এই দুই প্রতিষ্ঠানে বিগত সরকারের সুবিধাভোগীদের বসিয়ে রাখা হয়েছে। এই সুবিধাভোগীদের ঝেঁটিয়ে বিদায় করা বর্তমান সরকারের দায়িত্ব। আমরা আশা করি, ছাত্র-জনতার আন্দোলনের সুফল নিশ্চিতে তারা তাদের সেই দায়িত্ব
যথাযথভাবে পালন করবে।
গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কমিটির আহ্বায়ক এজেডএম জাহিদ হোসেন এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, ‘দেশের বিগত রেজিম পাকাপোক্ত করার জন্য ভুয়া নির্বাচন কমিশন সবচেয়ে বেশি অবদান রেখেছে। পদত্যাগ করে নতুন নির্বাচন কমিশন গঠনের সুযোগ না দিলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না।’
দুদকের সমালোচনা করে তিনি বলেন, ‘সব কমিশনার ও কর্মকর্তারা বিগত সরকারের সুবিধাভোগী। অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, দুদক পুনর্গঠন করা। কারণ দুদকে পতিতদের আত্মীয়-স্বজন, সুবিধাভোগী লোকজনকে বসিয়ে দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। দুর্নীতি বের করতে হলে দরকার শক্তিশালী কমিশন, যারা নির্মোহভাবে দায়িত্ব
পালন করবেন।’