বাসচাপা পড়ার আগে ধাক্কা দিয়ে সরিয়ে দেন শিশু ইশানকে

রাজধানীর জুরাইনে বাস চাপায় জ্যোৎস্না বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য গতরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের বাড়ি মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার কলাপাড়া গ্রামে। দুই ছেলে ও এক মেয়ের জননী এই বৃদ্ধা শ্যামপুর মীরহাজিরবাগ এলাকায় থাকতেন। 

তার ছেলে মো. পলাশ ব্যাপারী জানান, গতকাল বুধবার বিকেলে জ্যোৎস্না বেগম তার নাতিনের ৯ বছর বয়সী ছেলে ইশানকে নিয়ে কেরানীগঞ্জ যাচ্ছিলেন। বাসা থেকে বের হওয়ার পর জুরাইন মেইন রোড রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়েন তিনি। তবে চাপা পড়ার আগে ঈশানকে ধাক্কা দিয়ে তিনি রাস্তার এক পাশে সরিয়ে দেন। এতে বেঁচে যায় শিশুটি হতাহত হয়নি। 

পলাশ আরও জানান, গতকাল বিকেলের ঘটনার পর স্থানীয় শিক্ষার্থীরা গাড়ির নিচ থেকে তার মায়ের লাশ বের করেন। তখন পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। এরপর মধ্যরাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, লাশটি মেডিকেলের মর্গে রয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত হবার কথা রয়েছে।