হোমনায় ঘর থেকে মা- ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় বসতঘর থেকে এক নারী এবং তার ছেলে ও ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ঘাগুটিয়া গ্রামের ভুইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহমুদা (৩৫), তার ছেলে সাদ (৯), মাহমুদার ফুপাতো ভাইয়ের মেয়ে তিশা (১৫) । এদের মধ্যে বসতঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিশার মরদেহ পাওয়া গেছে। তবে পুলিশের সুরতহাল অনুযায়ী, প্রাথমিক তথ্যে তাদের মাথায় ও মুখে জখম পাওয়া গেছে বলে জানা গেছে।

নিহত মাহমুদা ঘাগুটিয়া গ্রামের হোসেন বেপারীর ছেলে শাহ পরানের স্ত্রী। তাদের সন্তান সাদ। নিহত তিশা পার্শ্ববর্তী গ্রামের রেজাউল করিমের মেয়ে। মাহমুদা সন্তানসম্ভবা ছিলেন।

স্থানীয়দের বরাতে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ ছিল। কিন্তু পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কি।’

সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মীর মহসিন বলেন, ‘তিনজনের মরদেহ একই খাটের ওপর পাওয়া গেছে । ধারণা করা যাচ্ছে, ঘটনাটি বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় ঘটে থাকতে পারে। নেপথ্যের কারণ এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে পিবিআই পুলিশের টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে । মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’