মাসের সেরার লড়াইয়ে মহারাজের প্রতিদ্বন্দ্বী সিলস-ভেল্লালাগে

আইসিসি আগস্ট মাসের সেরা ক্রিকেটারের হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ। এই লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস ও লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে। বৃহস্পতিবার এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।

২০২২ সালের এপ্রিলে প্রথমবার মাসের সেরা হয়েছিলেন মহারাজ। গত মাসের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তিনি সিরিজসেরা হয়েছিলেন। ড্র হওয়া পোর্ট অব স্পেন টেস্টের দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন মহারাজ। পরে প্রভিডেন্সে ৪০ রানে জেতা দ্বিতীয় টেস্টে নেন ৫ উইকেট। এর মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ১৭১টি উইকেটের মালিক হয়েছেন।

ওই সিরিজেই দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস ১৮.০৮ গড়ে শিকার করেছেন ১২ উইকেট। এর মাঝে দ্বিতীয় টেস্টে নিয়েছেন ৯ উইকেট। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬১ রানে ৬ উইকেট নেন সিলস।

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছেন ৭ উইকেট। তৃতীয় ম্যাচে ২৭ রানে ৫ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং। এতে ছিল  বিরাট কোহলি, রোহিত শার্মা ও শ্রেয়াস আইয়ারের উইকেট। সিরিজটি ২-০ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ টাই হয়েছিল।