একইসঙ্গে খেলা ও রাজনীতি সমর্থন করেন না ক্রীড়া উপদেষ্টা

খেলোয়াড়ী জীবনে রাজনীতিতে জড়িয়ে মহাবিপাকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। মাশরাফির ক্যারিয়ার তো শেষ, কিন্তু সাকিব রাজনৈতিক কারণে দেশেই ফিরতে পারছেন না। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে খেলার ক্ষতি হওয়া নিয়ে অতীতে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। একইসঙ্গে খেলা এবং রাজনীতি চালিয়ে যাওয়ার পক্ষে নন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘আমার মনে হয় না তাদের করা উচিত (একইসাথে খেলা ও রাজনীতি)। অবসরের পর কেউ খেলায় যোগ দিতে পারে, তবে খেলার সময়কালে কখনোই এমনটা করা (রাজনীতি) উচিত নয়। এসব পেশাদারিত্বের অভাবের কারণে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়। আমি এটা নিয়ে আগেও বলেছি।’

ক্রিকেটারদের রাজনীতিতে যোগদানের পাশাপাশি বিজ্ঞাপন এবং ব্যবসায় জড়ানো নিয়েও কথা বলেছেন আসিফ মাহমুদ। তার মতে, খেলার পাশাপাশি এসব কাজ করার ক্ষেত্রে অনৈতিক কিছু যেন না হয় সেই বিষয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে।

ক্রীড়া উপদেষ্টার ভাষায়, ‘শুধু রাজনীতিই নয়, কিছু বিজ্ঞাপন আছে যা আইন এবং মানুষের বিপক্ষে যায়। তারা ব্যবসা করতে পারে। তবে এটা নিয়ে একটা নীতিমালা থাকতে হবে যে তারা কি করতে পারে বা কি না করতে পারে। ভারতের কয়েকজন ক্রিকেটারের নামে বেটিং ব্যবসার (এন্ডোর্সমেন্ট) অভিযোগ আছে, বাংলাদেশীদের নামেও আছে। তাই আমি মনে করি এটা নিয়ে একটা নীতিমালা থাকা উচিত। বিসিবি এটা ঠিক করতে পারবে।’