বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ছাত্রদের দেখতে গেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি চিকিৎসকদের নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছাত্রদের দেখতে যান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা তুলে দেন ও সকলের উন্নত চিকিৎসার জন্য ও এক শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজনের ব্যাপারে প্রয়োজনীয় আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন বলেন, যারা দেশের এই ক্রান্তিলগ্নে এখনও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এ সময় তিনি ছাত্র জনতার ওপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান।
এরপরে বিএনপি আয়োজিত চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নোয়াখালী সরকারি কলেজ ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে চলমান এই মেডিকেল ক্যাম্পে প্রায় ১৭০০ জনের মতো মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে এতে প্রায় শতাধিক জাতীয়তাবাদী আদর্শের ডাক্তার ক্যাম্পে সেবা দেন।