ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমিকের প্রতারণার ফাঁদে পড়ে বিষপানে রূপালী বেগম (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামে প্রেমিক মো. রুবেল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রূপালি বেগম ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শিমরাইল গ্রামের প্রয়াত আলাল উদ্দিনের মেয়ে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নিহতের বড় ভাই মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে প্রেমিক মো. রুবেল মিয়ার নামে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রুবেল মিয়া ওই গ্রামের মো. আমীর হোসেনের ছেলে।
নিহতের বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, আমার ছোট বোন রুপালী বেগম ঈশ্বরগঞ্জ পাট বাজার আন-নূর মহিলা মাদ্রাসায় পড়াশোনা করত। প্রায় এক বছর আগে রুবেল মিয়া আমার বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। নানা প্রলোভনে আমার বোনকে বিয়ের আশ্বাস দিত। এরই ধারাবাহিতায় গত বুধবার সকাল ১০টার দিকে রুবেল মিয়া আমার বোন রুপালীকে বিয়ে করার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়।
পরে সেখানে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আমার বোনকে এলোপাথাড়ি মারপিট করে বিয়ে করবে না বলে জানায় রুবেল। যে কারণে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। রুবেলের এমন আচরণের কারণে আমার বোন অপমানিত হয়ে মনের দুঃখে তার বাড়িতে কীটনাশক (বিষ) পান করে। পরে রুবেল আমার বোনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে হাসপাতালে রূপালিকে রেখে কৌশলে চলে যায়। পরে বিকেল ৩টার দিকে আমার বোনের মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে নিহতের বড় ভাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার হাসপাতালে রূপালীর লাশ রেখে পালিয়ে যাওয়ার সময় সেখানকার কর্তব্যরত ক্যাম্প ইনচার্জ রুবেল মিয়াকে আটক করে আমাদের অবগত করেন। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।