ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মিশেল বার্নিয়ে

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক মিশেল বার্নিয়ের নাম ঘোষণা করেছেন। ৭৩ বছর বয়সী বার্নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। বার্নিয়ে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যা ১৯৫৮ সালে ফ্রান্সের নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর নজিরবিহীন। তিনি দীর্ঘদিন ফ্রান্সের রিপাবলিকান পার্টিতে রাজনীতি করেছেন এবং ফ্রান্স ও ইইউয়ের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। 

গত জুন ও জুলাইয়ে ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে রাজনৈতিকভাবে বড় তিনটি ভাগে ভাগ হয়ে পড়েছে দেশটির পার্লামেন্টের জাতীয় পরিষদ। এখন এই বিভক্তি এড়িয়ে টেকসই একটি সরকার গঠনের চ্যালেঞ্জ হাতে নিতে হবে মিশেল বার্নিয়েকে।  

ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের জায়গায় বসবেন মিশেল বার্নিয়ে। চলতি বছরের শুরুর দিকে আতালকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন মাখোঁ। গত জুলাই থেকে ফ্রান্সের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।