ডেটিং করার জন্য মিলবে সবেতন ছুটি!

ডেটে যাওয়ার জন্য কর্মীদের বেতনসহ ছুটি ঘোষণা করেছে থাইল্যান্ডের একটি সংস্থা। শুনতে খানিকটা অবাক লাগলেও কর্মীরা যেন তাদের কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠতে পারেন তার জন্যই থাইল্যান্ডের ‘হোয়াইটলাইন গ্রুপ’ এই নতুন পদ্ধতি চালু করেছে। 

দ্য স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়, সংস্থার পক্ষ থেকে ডেটে যাওয়ার জন্য তাদের কর্মীদের বেতনসহ ছুটি দেওয়া হবে। কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতেই সংস্থার এমন সিদ্ধান্ত। তবে কর্মীরা কতদিন এই ছুটি নিতে পারবেন সেই নিয়ে অবশ্য সংস্থার পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। 

খবরে বলা হয়, হোয়াইটলাইন গ্রুপের কর্মীরা চাইলে ‘টিন্ডার লিভ’ নামক ডেটিং অ্যাপের ‘গোল্ড ও প্ল্যাটিনাম’ সাবক্রিপশনের জন্য প্রয়োজনীয় অর্থও তার সংস্থার কাছে দাবি করতে পারে।

এমন ভাবনার কারণ হিসেবে বলা হয়, ওই সংস্থার এক নারী কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তার কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছে যে ‌তার ডেটে যাওয়ারও সময় হচ্ছে না। কর্মীরা যেন তাদের পছন্দের ব্যক্তির সঙ্গে ডেটে যেতে পারেন তাই সংস্থাটি তাদের নিয়মে বদল এনেছেন। কর্মীরা ইচ্ছে করলেই ডেটিংয়ের জন্য ছুটি নিতে পারেন, তবে সেই ছুটি পাওয়ার জন্য কর্মীদের এক সপ্তাহ আগে থেকে আবেদন জানিয়ে রাখতে হবে।

মার্কেটিং ফার্ম হোয়াইটলাইন গ্রুপ এক লিংকডইন পোস্টে জানায়, কর্মীরা টিন্ডার লিভ অ্যাপ ব্যবহারের মাধ্যমে যে কারো সঙ্গে ডেটে যাওয়ার জন্য ছুটি চাইতে পারে। সংস্থাটি বিশ্বাস করে যে, কর্মীরা প্রেম করলে সেটা তাদের সুখে থাকতে সহায়তা করবে এবং এটি সংস্থার উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখবে।