হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ও রাসুল। তিনি আমাদের জন্য আদর্শ। তার অনুসরণ ব্যতীত পরকালে আমাদের মুক্তি মিলবে না। জীবনের সব ক্ষেত্রে তার অনুসরণ ও অনুকরণ করা আমাদের জন্য আবশ্যক। তেমনি আমাদের দৈনন্দিন জীবনে আমরা খাবার গ্রহণ করি, সেটার ক্ষেত্রেও তার অনুসরণ করা কর্তব্য। তিনি কীভাবে খাবার গ্রহণ করতেন, তা তুলে ধরা হলো।
শুরুতে বিসমিল্লাহ বলা : হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করে, সে যেন বলে, বিসমিল্লাহ। আর যদি শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে যায় তাহলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন বলে, ‘বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ।’ (সুনানে আবু দাউদ)
ডান হাত দিয়ে খাওয়া : হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের প্রত্যেকে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে, ডান হাত দিয়ে গ্রহণ করে এবং ডান হাত দিয়ে প্রদান করে। কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে দেয় এবং বাম হাতে গ্রহণ করে। (সুনানে ইবনে মাজাহ)
আঙুল চেটে খাওয়া : হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন আঙুল চেটে খাওয়ার আগে তা না মুছে। কারণ জানা নেই যে, খাদ্যের কোন অংশে তার জন্য বরকত নিহিত রয়েছে। (সহিহ মুসলিম)
খাবার নিচে পড়ে গেলে : হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কারও হাত থেকে খাবারের লোকমা পড়ে গেলে সে যেন তা তুলে নিয়ে এতে যে ময়লা লেগেছে সেটা দূর করে খেয়ে নেয়। (সুনানে তিরমিজি)
একত্রে আহার করা : একসঙ্গে আহার করার মধ্যে বরকত রয়েছে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা একত্রে বসে আহার করো এবং আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তোমাদের খাদ্যে বরকত পাবে। (সুনানে ইবনে মাজাহ)
দস্তরখানে আহার করা : হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) কখনো ‘সুকুরজা’ অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করেছেন, তার জন্য কখনো নরম রুটি বানানো হয়েছে কিংবা তিনি কখনো টেবিলের ওপর আহার করেছেন বলে আমি জানি না। বর্ণনাকারীকে জিজ্ঞেস করা হলো, তাহলে কীসের ওপর রেখে খাবার খেতেন? তিনি বললেন, দস্তরখানের ওপর।’ (সহিহ বোখারি)
খাদ্যের মন্দ না বলা : হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) কখনো খাদ্যের ত্রুটি ধরতেন না। ভালো লাগতে খেতেন। ভালো না লাগলে খেতেন না। (সহিহ মুসলিম)
হেলান দিয়ে না খাওয়া : আবদুল্লাহ ইবনে আমর (রা.) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে স্বাভাবিক অবস্থায় কখনো হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি। (সুনানে আবু দাউদ)
খাবার শেষে দোয়া পড়া : হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) খাওয়া শেষে এই দোয়া পাঠ করতেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়াসাকানা, অজাআলানা মুসলিমিন।’ অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন,পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন।