বর্ষার দিনগুলোতে এমনিতেই কখনো কখনো ঘরের মেঝে স্যাঁতসেঁতে হয়ে পড়ে। তার ওপর সহজেই দাগছোপ পড়ে যায়। পানি দিয়ে মুছলে অনেক সময় দাগ যায় না। এক সময় দেখা যায়, সাধের টাইলসের ওপর এমনভাবে দাগ চেপে বসে গিয়েছে যে, ঘরের মেঝে দেখতে অপরিষ্কার লাগছে। শোয়ার ঘর, বসার ঘর অথবা বারান্দা, যেকোনো টাইলসই ঝকঝকে নতুনের মতো রাখতে কী করবেন জেনে নিন।
ভিনিগারে স্পঞ্জ ভিজিয়ে নিন। এবার ওই স্পঞ্জ দিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। বেশ কিছু ক্ষণ অপেক্ষা করুন। তারপর ভিজে কাপড় দিয়ে আরও একবার ঘরের মেঝে মুছে নিতে হবে। কয়েক দিন টানা এই নিয়মে মেঝে পরিষ্কার করলেই দেখবেন দাগ উঠে যাবে।
এক বালতি গরম পানিতে আধা কাপের মতো অ্যামোনিয়া মেশাতে হবে। এবার তাতে কাপড় ভিজিয়ে ঘর মুছুন। যেকোনো তেল মসলার দাগ, হলদেটে ছোপ বা কালচে দাগ উঠে যাবে।
ঘরের টাইলসের দাগ দূর করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। পানিতে সমপরিমাণ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ব্রাশে সেই মিশ্রণ নিয়ে দাগ লাগা জায়গাগুলোতে ঘষে নিন। তার পর পানি দিয়ে জায়গাটা মুছে নিন। দাগ উঠে যাবে সহজেই।
একই পরিমাণে পানি ও হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে নিন। এবার একটা স্প্রে বোতলের সাহায্যে টাইলসের দাগের ওপর স্প্রে করুন। টাইলসের যেকোনো দাগ মুছতে এই মিশ্রণটি খুবই কার্যকর।