একটি গণমাধ্যমে প্রচারিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় বিএডিসি বিভিন্ন দেশ থেকে নন-ইউরিয়া সার আমদানি করে কৃষক পর্যায়ে ডিলারদের মাধ্যমে সরবরাহ করে থাকে। গত ৩ সেপ্টেস্বর চাহিদার অতিরিক্ত ২ লাখ মেট্রিক টন সার ক্রয়ের বিষয়ে বিএডিসিতে কর্মরত চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ এনডিসিকে দায়ী করে একটি প্রতিবেদন প্রচার করা হয়, যা সঠিক নয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিবেদনে প্রচারিত বীজ ক্রয়ের ক্ষেত্রে ১৮ কোটি টাকার দুর্নীতির বিষয়টি সঠিক নয়। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনা দৃঢ়ভাবে সমর্থন ও বিশ্বাস করেন।
বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ ২০২২ সালের ২৯ ডিসেম্বর বিএডিসিতে যোগদান করেন। যোগদানের পর থেকেই জাতীয় চাহিদার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সার ক্রয় করা হচ্ছে। সার ব্যবস্থাপনার কার্যক্রমে গতিশীলতা ও শৃঙ্খলা আনয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম বিদ্যমান পিপিআর ২০০৮ এবং আর্থিক বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের মাধ্যমে পরিচালিত হয়। ফলে প্রতিবেদনটি কেনো সঠিকতা যাচাই না করেই একতরফাভাবে প্রচার করা হয়েছে। বিজ্ঞপ্তি