বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমির আইন অনুযায়ী মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে তাকে নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ’। সম্পাদিত গ্রন্থ ‘নির্বাচিত কবিতা সৈয়দ আলী আহসান’, ‘কবি ও কবিতার সন্ধানে’।
এদিকে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন অনুযায়ী আফসানা বেগমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ হবে দুই বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।
কথাসাহিত্যিক আফসানা বেগম লেখালেখির পাশাপাশি অনুবাদ ও গবেষণায় যুক্ত। তিনি জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন। আফসানা বেগম ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন পড়ান।