মেসিকে খোঁচা রোনালদোর, ‘ইউরো জেতা বিশ্বকাপ জয়ের সমান’

খেলার সময় তখন ৩৪ মিনিটের ঘরে। ছয় গজ বক্সে ক্রস বাড়ান নুনো মেন্দেস, আর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিখুঁত এক ভলিতে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা।

লিসবনে বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার জালে ব্যবধান দ্বিগুণ করা গোলে অনন্য কীর্তিটি গড়েন রোনালদো। মাঠে বল গড়ানোর আগে, গ্যালারিতে দর্শকদের হাতে দেখা গেল ‘৯০০ রোনালদো’ লেখা প্ল্যাকার্ড। সমর্থকদের আবদার মেটাতে খুব বেশি সময় নিলেন না রোনালদো।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, বিশ্বকাপ জয়ের চেয়ে ফুটবল উপভোগ করাই এখন তার একমাত্র অনুপ্রেরণা। অভিজ্ঞ এই স্ট্রাইকার বলেন, ‘পর্তুগালের ইউরো জেতা বিশ্বকাপ জেতার সমান। আমি পর্তুগালের হয়ে দুটি শিরোপা জিতেছি যা সত্যিই চেয়েছিলাম। আমি এতে মোটিভেটেড নই। আমি ফুটবল উপভোগ করে অনুপ্রাণিত হই এবং রেকর্ড স্বাভাবিকভাবেই আসে।’

রোনালদো বলেন, ‘৯০০ গোল করাটা অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়, কিন্তু শুধু আমিই জানি ৯০০তম গোল করতে প্রতিদিন পরিশ্রম করা কতটা কঠিন। এটা আমার ক্যারিয়ারের অনন্য মাইলফলক। আমি রেকর্ড ভাঙি না... রেকর্ডই আমাকে তাড়া করে!’

আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ১৩১টি। বাকি ৭৬৯টি গোল তিনি করেছেন পাঁচ ক্লাবের হয়ে; স্পোর্তিং (৫), ম্যানচেস্টার ইউনাইটেড (১৪৫), রিয়াল মাদ্রিদ (৪৫০), যুভেন্তুাস (১০১) ও আল নাসরের (৬৮) হয়ে।