বাবা করেন কংগ্রেস, জাদেজা গেলেন বিজেপিতে

রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগরে বিজেপি বিধায়ক। সেই আসনে গত বছরের বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় তারকা অলরাউন্ডারের বাবা অনিরুদ্ধ সিংকে কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট চাইতে দেখা গিয়েছিল। বাবা অনিরুদ্ধর মতো বোন নয়নাবা জাদেজাও কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে বাবার পথের অনুসারী না হয়ে ছেলে এবার স্ত্রীর হাত ধরে যোগ দিলেন গেরুয়া শিবিরে।

রিভাবা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জাদেজার বিজেপিতে যোগাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্স হ্যান্ডেলে রিভাবা জাদেজার মেম্বারশিপ কার্ডের ছবি শেয়ার করেছেন। কয়েক দিন আগে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করে বিজেপি। রিভাবা জাদেজা মিডিয়াকে জানিয়েছেন, তিনি এই সদস্যপদ অভিযান নিজের বাড়ি থেকেই শুরু করেছেন।

জাদেজা যেহেতু বিজেপির সদস্য পদ গ্রহণ করলেন, তাই এবার গেরুয়া শিবিরের সঙ্গে একটা আলাদা যোগ তৈরি হলো তার। ২০১৯ সালে রিভাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে দল রিভাবাকে প্রার্থী করে। আম আদমি পার্টির প্রার্থী কর্শনভাই কারমুরকে হারিয়ে এই আসনে বিজয়ী হয়েছিলেন জাদেজার স্ত্রী।

বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন জাদেজা। তারপর থেকেই চলছে আলোচনা, এবার কি ভোটেও দাঁড়াবেন রিভাবার মতো? বর্তমানে ২২ গজ থেকে দূরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। দলীপ ট্রফিতে তাকে খেলতে দেখা যাচ্ছে না। হয়তো ঘরের মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরেবেন তিনি।