আর্জেন্টিনাকে অন্যদের চেয়ে সেরা ভাবেন না স্কালোনি

বিশ্বকাপের পর কোপা আমেরিকা- একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে লিওনেল স্কালোনির মুকুটে। এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। আজ তারা চিলিকে হারিয়েছে ৩-০ গোলে। এমন জয়ের পরও বিন্দুমাত্র অংহকার নেই আর্জেন্টিনা কোচ স্কালোনির। এমনকী তিনি বিশ্বজয়ী দলটিকে অন্যদের চেয়ে সেরাও ভাবছেন না।

বিগত কয়েক বছর ধরেই আর্জেন্টিনা দলের একটানা সাফল্যের রহস্য নিয়ে স্কালোনি বলেছেন, ‘প্রতিটি টুর্নামেন্ট থেকে আমরা অনুপ্রেরণা পাই। জাতীয় দলের হয়ে খেলার গুরুত্ব এবং এখানে লড়াই করার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের বোঝানো খুব কঠিন কিছু নয়। তারা বার্তাটা বুঝতে পারে এবং লড়াই চালিয়ে যায়। এর ফল ইতিবাচক এবং সেটা আমাদের সাহায্য করে।’

আর্জেন্টিনার এই দলকে বাকিদের চেয়ে এগিয়ে রাখার প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমি মনে করি না, আমরা বাকিদের চেয়ে সেরা। সব কিছু খুবই সমান। হ্যাঁ, আমরা ভালো সময় পার করছি এবং আমাদের এভাবেই কাজ করে যেতে হবে।’

চিলির বিপক্ষে ম্যাচটি নিয়ে স্কালোনির বক্তব্য, ‘৩০ মিনিট পর্যন্ত আমরা তাদের চেয়ে ভালো খেলেছি, তবে প্রথমার্ধের শেষটা ভালো ছিল না। দল শুধরে নিয়েছে এবং দ্বিতীয়ার্ধে খেলায় আরও উন্নতি করে ফিরে এসেছে। প্রথম গোলের সময়ে দলের খেলাতেই বিষয়টি স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ফলটা ন্যায্য।’