উজিরপুরের জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের ব্যবসায়ী ইদ্রিস ও সাগর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি কিবরিয়া হাওলাদারকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৯ ।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ। তিনি জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে তাকে প্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ২৪ আগস্ট শনিবার দিবাগত রাত  ১০ টার দিকে ব্যবসায়ী  ইদ্রিস হাওলাদার তার চাচাতো  ভাই সাগর হাওলাদার (২২) কে নিয়ে মটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে সাতলা ব্রীজের পশ্চিম পাড় অতিক্রম কালে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উজিরপুর থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি করা হয় কিবরিয়া হাওলাদারকে।

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, সিলেটে র‌্যাবের হাতে আটক ডাবল মার্ডারের আসামি কিবরিয়া হাওলাদাকে উজিরপুর আনার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ও একদল পুলিশ সিলেটে গেছেন।