গত মাসের শুরুতে একটি ভিডিও ক্লিপ ভারতের ক্রিকেটাঙ্গনে সাড়া ফেলে দেয়। সেই ক্লিপে দেখা যাচ্ছিল, ভারতের সাবেক তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি হাঁটতে পারছেন না। তাকে ধরে ধরে গাড়িতে তোলা হচ্ছে। এবার কাম্বলি নিজেই জানালেন, তিনি সুস্থ আছেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই।
এক ভিডিওবার্তায় ভারতীয় ক্রিকেটের এই ঝরে পড়া প্রতিভা বলেছেন, ‘আমি ভালো আছি। ঈশ্বরের কৃপায় বেঁচে আছি। সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছি। তিন নম্বরে ব্যাট করার জন্য তৈরি। শিবাজি পার্কে আগে যেমন স্পিনারদের মাঠের বাইরে ফেলতাম আবার সেটা করতে রাজি।’
ভিডিওতে কাম্বলির সঙ্গে বন্ধু রিকি কৌতো এবং মার্কাস কৌতোকে দেখা গেছে। অথচ, এক মাস আগের ভিডিওটিতে দেখা গিয়েছিল, কাম্বলিকে কয়েক জন দু’পাশে ধরে ফুটপাথে তুলে। ভিডিওটি দেখে ক্রিকেটপ্রেমীরা চিন্তিত হয়ে পড়েছিলেন।কাম্বলির শারীরিক অসুস্থার খোঁজ খবর নেন তারা।
২০১৩ সালে মুম্বাইয়ে গাড়ি চালানোর সময়ে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন কাম্বলি। তারপর থেকেই তিনি নানারকম শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছর তার হৃদযন্ত্রে রিং বসানো হয়েছিল। ২০২৩ সালে স্ত্রী আন্দ্রেয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। কাম্বলির বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতনের অভিযোগ এনেছিলেন।
শচীন টেন্ডুলকারের ছোটবেলার বন্ধু কাম্বলি স্কুল পর্যায় থেকেই একসঙ্গে খেলেছেন। ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। এরপর দেশের জার্সিতে তিনি ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে। বেপরোয়া জীবন আর মাদকাসক্তির কারণেই তার ক্যারিয়ার অকালেই শেষ হয়ে যায়। অনেকে তাকে শচীনের চেয়েও প্রতিভাবান বলে মনে করতেন।