কেনিয়া

স্কুলে আগুন লেগে ১৭ ঘুমন্ত শিক্ষার্থীর মৃত্যু

কেনিয়ার মধ্যাঞ্চলে এক স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশটির নাইয়েরি শহরের এন্দারাশা একাডেমি নামে এক স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

সিটিজেন টেলিভিশনের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, আগুনে নিহতরা এতটাই পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না। পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেন, ‘অগ্নিকাণ্ডে আমরা ১৭ শিক্ষার্থীকে হারিয়েছি এবং ১৪ জন আহত হয়েছে। এই মুহূর্তে আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে।’

সরকারের মুখপাত্র আইজ্যাক মাওয়াউরা এক বিবৃতিতে বলেন, নিহত কিশোররা চতুর্থ থেকে অষ্টম শ্রেণিতে পড়ে, যার অর্থ তাদের বয়স নয় থেকে ১৩ বছরের মধ্যে। তিনি জানান, ডরমিটরিতে ১৫৬ শিক্ষার্থী ছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রেসিডেন্ট উইলিয়াম রুটো কর্তৃপক্ষকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ‘দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে’ বলে জানিয়েছেন।

এর আগেও কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডের ইতিহাস রয়েছে, যার বেশিরভাগই অগ্নিসংযোগে পরিণত হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে রাজধানী নাইরোবির একটি স্কুলে অগ্নিকাণ্ডে ৯ শিক্ষার্থী নিহত হয়। ২০০১ সালে নাইরোবির বাইরে কিয়ানগুলির একটি ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ৫৮ জন স্কুলছাত্র নিহত হয়। ২০১২ সালে পশ্চিম কেনিয়ার হোমা বে কাউন্টির একটি স্কুলে আট শিক্ষার্থী নিহত হয়।