চকরিয়ায় সাবেক চেয়ারম্যানের দখল থেকে বনভূমি উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের দখলে থাকা এক হেক্টর বনভূমি উদ্ধার করা হয়েছে। সেখানে বিভিন্ন ফলজ বনজ ও ওষধি গাছের চারা রোপণ করে বনায়নের কাজ শুরু করেছে বনবিভাগ। শুক্রবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ফাঁসিয়াখালি রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন।

তিনি জানিয়েছেন, ডুলহাজারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর খেলার মাঠের নাম দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে গত এক বছর আগে বনবিভাগের এক হেক্টর জায়গা দখল করে স্থাপনা বানান। উদ্ধার করতে নিয়ে বনকর্মীরা মারধরের শিকারও হয়েছে।

বনভূমি উদ্ধারের পর সেখানে আমলকি, বহেরা, হরিতকি, জাম, গর্জন, চাপালিশ, অর্জুন, নিম, জারুলসহ বনজ, ফলজ ওষধি ও বিরল প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

ডুলহাজারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের ঘনিষ্টজন। গত ০৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা পরিষদ চকরিয়ার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের অপসারণ করে।