এখনো ভালোবাসা পাচ্ছি

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও আলোচনায় এসেছেন। ৭ বছর আগে ‘বড় ছেলে’ টেলিফিল্মে মেহজাবীন অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। এখনো এ নাটকটি আগের মতোই ভক্ত-অনুরাগীদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে। দর্শকদের আগ্রহের কারণে নাটকটি দ্বিতীয়বার প্রচার করেছিল টেলিভিশন চ্যানেল। এই নাটক মেহজাবীনের ক্যারিয়ারের বাঁক বদল করে দিয়েছে। অপূর্বর ক্যারিয়ারে যুক্ত করেছিল নতুন পালক। ‘বড় ছেলে’ নাটকটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন এক আবেগময় পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বড় ছেলের ৭ বছর হতে চলেছে, আমি এখনো ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি।’

শেষে অভিনেত্রীর ভাষ্য, ‘এ নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য।’

টেলিভিশনে দুই দফা প্রচারের পরেও গত ৭ বছরে নাটকটি ৫ কোটির বেশিবার দেখা হয়েছে। সামাজিক মাধ্যমে এখনো নাটকটি নিয়ে কথা হয়।