সাইফুল হক বললেন

আত্মত্যাগ করলেও অভ্যুত্থান শ্রমজীবীদের ক্ষমতায়ন করেনি

গণ-অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি শহীদ হলেও অন্তর্বর্তী সরকারে তাদের জায়গা হয়নি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘বিশাল আত্মত্যাগের পরেও গণ-অভ্যুত্থান শ্রমজীবীদের ক্ষমতায়ন করেনি।

গতকাল শুক্রবার রাজধানীর সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় সাইফুল হক এ কথা বলেন।

তিনি বলেন, বিশেষ কোনো কোটারি স্বার্থে শ্রমিকদের যেমন ব্যবহারের সুযোগ নেই, তেমনি শ্রমিকদের বাঁচার ন্যায্য দাবিদাওয়াকে বলপ্রয়োগের হুমকি দিয়ে নস্যাৎ করারও কোনো অবকাশ নেই। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি এবং মানবিক ও গণতান্ত্রিক দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ প্রসঙ্গে সাইফুল হক বলেন, কেবল পদত্যাগের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের পাপ স্খলনের কোনো সুযোগ নেই। জনগণের ভোটের অধিকার হরণ, গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস এবং পতিত সরকারের তল্পিবাহক হিসেবে ভূমিকা রাখার অপরাধে গত তিনটি নির্বাচন কমিশনের বিচার হওয়া জরুরি। নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি নষ্ট করার অভিযোগেও তারা অভিযুক্ত।