ইউএস ওপেনের সেমিফাইনালে ফেভারিট ছিলেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। তবে ছেড়ে কথা বলেননি ২৬তম বাছাই যুক্তরাজ্যের জ্যাক ড্রেপার। প্রথম দুই সেটে জমজমাট লড়াই উপহার দিয়েও শারীরিক অসুস্থতার সঙ্গে পেরে না উঠে হার মানতে হয় ড্রেপারের।
সিনার ম্যাচ জেতেন ৭-৫, ৭(৭)-৬(৩) ও ৬-২ সেটে। ইউএস ওপেনের নাটকীয় সেমিফাইনালে প্রথম সেটের পর থেকেই অসুস্থ বোধ করছিলেন ড্রেপার। টাইব্রেকে গড়ানো দ্বিতীয় সেট চলাকালীন তিন বার কোর্টেই বমি করে বসেন তিনি। তৃতীয় সেটে আর লড়াই চালাতে পারেননি।
ম্যাচশেষে ড্রেপার বলেন, ‘আমি উদ্বিগ্ন হয়ে ওঠা ধরনের একজন মানুষ। ম্যাচের আগে আমি ঠিকই ছিলাম।’
সিনার বলেছেন, ‘খুব শারীরিক একটি ম্যাচ ছিলো। আমি মানসিকভাবে ম্যাচে থাকার চেষ্টা করছিলাম। ড্রেপারকে হারাতে পারা কঠিন একটি কাজ।’ এ জয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন অস্ট্রেলিয়ান ওপেনের বিজয়ী সিনার। তার ১২তম বাছাই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ।